মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় গভীর রাতে ট্রাক দুর্ঘটনায় ট্রাকচালক আকাশ (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহত আকাশ মাগুরা সদরের কুকিলা গ্রামের সবুর মন্ডলের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর জেলার মাওনা থেকে টাইলস নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হয় ট্রাকটি। পরে মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় পৌঁছালে দ্রুতগতির মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের চালক গাড়ির মধ্য আটকা পড়েন।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ট্রাকের চালককে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, ‘গভীর রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ার কারণে চালককে উদ্ধার করতে বেগ পেতে হয়। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান বলেন, ‘ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’