কিশোরগঞ্জে বসত ঘরে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বসত ঘরে আগুনে দগ্ধ হয়ে তৌহিদুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পাশাপাশি থাকা দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসত করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় আবু তুরাবের নাতি তৌহিদুল ইসলাম।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায়, তার শরীরের ৬০ ভাগ অংশ পুড়ে গেছে। 

অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম বলেন, ‘শিশুটিকে খুবই আশঙ্কাজনক অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসার শেষে তাকে আমরা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারপর সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি, শিশুটির অবস্থার অবনতি দেখে রাতেই ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শিশুটির আজ সকাল ১০টায় তার মৃত্যু হয়।