রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার রাতে উত্তেজনাকর এ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির নেতা-কর্মীরা প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ছাড়াও হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়,পলিটেকনিকের যে লতিফ ছাত্রাবাস, সেখানে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটছে এ সংবাদ শুনে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠানো হয়।
ছাত্রদের অভিযোগের ভিত্তিতে হল থেকে বহিরাগতদের বের করে দুপক্ষের মধ্যে সমঝোতার কথা জানায় পুলিশ।