টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

টাঙ্গাইল শহরের লৌহজং নদীর পাড় থেকে সামনা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের লৌহজং নদীর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তবে পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড।

সামনা বেগম শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার সন্ধ্যায় সামনা বেগমের এক ভাগিনা তাঁকে ফোনকলে ডেকে নেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে নদীর পাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

স্থানীয়রা জানান, মাদক কারবারকে কেন্দ্র করে নিহত সামনা বেগমের সঙ্গে তার ভাগিনার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।