গাজীপুরে ঝুট ব্যবসায় শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় দেশীয় অস্ত্রের মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার নেসলে কারখানায় এ ঘটনা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতরা হলো– আবির ফারুক, মিরাজ, মনির হোসেন ও রনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেন্দ্রপুরে অবস্থিত নেসলে কারখানার বিভিন্ন ব্যবসা দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির একটি পক্ষের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি এই ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির আরেকটি গ্রুপের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সকালে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় গ্রুপের কয়েকজন নেতাকর্মী আহত হয়।
এ ব্যাপারে জেলা যুবদলের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘ সময় ধরে আমি কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছি। সকালে কারখানা থেকে মালামাল বের করার জন্য শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া ও শ্রীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে মারধর শুরু করে। এসময় চারজন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তবে অভিযুক্ত ইউনুস আলী নছ মিয়াকে মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয় শ্রীপুর থানার ওসি (তদন্ত) জাফর আলী খান বলেন, ‘দুপক্ষের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ শান্ত হয়েছে। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’