ঈদযাত্রার গাড়ি বাড়লেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সরকারিভাবে ঈদের ছুটি শুরু না হলেও অনেকে মানুষকে বাড়ি ফিরতে দেখা যাচ্ছে। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। যনবাহনের চাপ কিছুটা বেশি থাকলেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি।

তবে এলেঙ্গাতে চারলেন প্রকল্পের কাজ চলমান থাকায় এ অংশে উত্তর বঙ্গের লেনে মাঝে মাঝে গাড়ির জটলা সৃষ্টি হচ্ছে। তবে যানবাহনের দীর্ঘ সারি বা যানজটের সৃষ্টি হয়নি।

যাত্রী ও পরিবহন চালকেরা বলছেন, এলেঙ্গাতে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান থাকায় এ অংশে রাস্তার কিছুটা অংশ সরু হয়েছে। এতে যানচলাচল ব্যহত হচ্ছে। প্রশাসন যদি এ অংশ তদারকি না বাড়ায় তবে যানজট সৃষ্টির শঙ্কা রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এলেঙ্গা অংশে যাতে ভোগান্তির সৃষ্ট না হয় সে বিষয়ে পুলিশ সচেষ্ট রয়েছে।

সব সরকারি-বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে এবার। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে রোজার ঈদ উদযাপিত হতে পারে।