দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহত বেড়ে ২৬

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে নতুন করে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গতকালের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আর কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। ফলে উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও, আনুষ্ঠানিকভাবে সমাপ্তির ঘোষণা দেওয়া হয়নি। বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ নিখোঁজের তথ্য দিলে আবার শুরু হবে উদ্ধার কাজ।

নিহত ২৬ জনের মধ্যে নারী ১৩ জন, পুরুষ ৮ জন এবং ৫ শিশু রয়েছে। এ পর্যন্ত স্বজনদের কাছে ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। একটি মরদেহ রাখা হয়েছে হিমঘরে। তার স্বজনরা আসলে, এই মরদেহ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।

এদিকে, আজও স্বজন হারানোদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পদ্মা পাড়ের পরিবেশ। গতকাল বুধবার দৌলতদিয়া ঘাটের তিন নম্বর পন্টুনে অপেক্ষমান সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। সাত ঘন্টার চেষ্টায় গতকাল দিবাগত রাত ১২টার কিছু পরে বাসটি উদ্ধার করা হয়।