কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাত সাড়ে  ৯টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস দুটো পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী অছিম পরিবহন এবং নেত্রকোণা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাস নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। সংঘর্ষের পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এদিকে, দুর্ঘটনার পর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত একটি বাস সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, অপর বাসটির চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল, মো. শরিফুল হক  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যরন্ত কেউ নিহত হয়নি। আহত ১৫ থেকে ২০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।