মানবতাবিরোধী অপরাধের আসামির ঢাকা মেডিকেলে মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুর মান্নান হাওলাদার (৮৬) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢামেকের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আব্দুর মান্নানের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। তার বাবার নাম মৃত হাসান আলী হাওলাদার। আব্দুর মান্নানের কয়েদি নং ৭২৯০/এ, মিনিট নং৬৪/২৬। 

কারারক্ষী সুজন জানান, ওই কয়েদি গত রাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মেডিসিন ভবনের ৬০১নং ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি মান্নানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।