জ্বালানি তেলের সংকট যেন কাটছেই না। আজও সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না অকটেন আর পেট্রল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার সকাল থেকে পাম্পগুলোতে গাড়ি এসে ফেরত যাচ্ছে। যে দুয়েকটিতে তেল পাওয়া যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইন।
চালকেরা অভিযোগ করছেন, সরকার থেকে রেশনিং পদ্ধতি তুলে নিলেও প্রতিটা পাম্প তেল দিচ্ছে নির্দিষ্ট পরিমাণ। এতে তেল নিতে বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের।
পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার এক তৃতীয়াংশ ডিপো থেকে তেল পাচ্ছেন। তাই আসার পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।
এদিকে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। গত বৃহস্পতিবার ‘এমটি গ্রান কাউভা’ নামের জাহাজটি বন্দরে আসে। জাহাজটিতে ২০ হাজার টন ডিজেল ও ১০ হাজার টন জেট ফুয়েল রয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
শুক্রবার বন্দর সচিব জানান, ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ‘এমটি গ্রান কাউভা’ নামের জাহাজে এই জ্বালানি সরবরাহ করছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, জাহাজটিতে আনা ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে। আর জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে।
চলতি মাসে এটি নবম তেলবাহী জাহাজ, যা দেশে পৌঁছাল। এর আগে আরও আটটি জাহাজ এসেছে। চলতি মাসে মোট ১৭টি জাহাজ আসার কথা থাকলেও বাকি জাহাজগুলোর পৌঁছানোর সময়সূচি এখনও নিশ্চিত হয়নি।