শরীয়তপুরে হুইপের ভাই পরিচয়ে তদবির, যুবকের কারাদণ্ড

শরীয়তপুরের ডামুড্যায় নিজেকে জাতীয় সংসদের হুইপ মিয়া নূরউদ্দিন আহাম্মেদ অপুর বড় ভাই পরিচয় দিয়ে তদবির করতে গিয়ে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার মোশাররফ ব্যাপারী (৪২) ডামুড্যা উপজেলার বড় শিধলকুড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, মোশাররফ ফোনকল ও এসএমএসের মাধ্যমে ভুয়া পরিচয় দিয়ে তদবির করছিলেন। সন্দেহ হলে যাচাই করে তাকে আমরা গ্রেপ্তার করি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতারণার দায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে থানা হাজতে পাঠানো হয়েছে।