রাজধানীর জুরাইনের বাগিচা ১ নং গেট এলাকায় বিদ্যুতায়িত হয়ে হৃদয় (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে হৃদয়কে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের বাড়ি চাঁদপুরের হাইমচরের চর ভাঙ্গা গ্রামে। তার বাবার নাম আমানুল্লাহ জমাদদার। তিনি বর্তমানে কদমতলীর জুরাইন এলাকায় বসবাস করতেন এবং পেশায় শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোঃ আজগর জানান, গতরাতে জুড়াইনের বাসা থেকে বের হয়ে বাগিচা ১ নং রোডে একটি বিদ্যুতের খুঁটির সাথে দাঁড়িয়ে ছিলেন হৃদয়। এ সময় বিদ্যুৎস্পর্শে তিনি অচেতন হয়ে পড়েন। পরে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও হৃদয়কে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হৃদয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।