রাজবাড়ীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে জেলার শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়, আরএসকে ইনস্টিটিউশন, অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ইয়াছিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উল্লিখিত কেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি থাকবে।
এ সময় পরীক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তি কেন্দ্র এলাকায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। এছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো প্রকার আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, লাঠি বা অবৈধ অস্ত্র বহন করা যাবে না।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।