ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে ৫, নতুন ভর্তি ১৬

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আবদুল্লাহ নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার তানজিল শেখের ছেলে। এ নিয়ে এখন পর্যন্ত ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ শিশুর মৃত্যু হলো।

শনিবার সকালে ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে ওই শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার শারীরিক খারাপ অবস্থা নিয়ে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হামের উপসর্গ নিয়ে ওই শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময়ই তার শরীর বেশ খারাপ ছিল। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এই দুই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ৬৩ জন রোগী ভর্তি আছেন। ফরিদপুরসহ আশপাশের জেলা থেকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত ৩৫৭ জন হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের। এদের মধ্যে মাদারীপুরে দুই ও ফরিদপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়।