ফরিদপুরে সেপটিক ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনের সেপটিক ট্যাংকে পড়ে মাসুম শেখ (৫২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুম শেখ বরিশালের পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, পৌরসভার কোর্টপাড় মাছ বাজার সংলগ্ন এলাকায় বহুতল ভবনের কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে মাসুম শেখ নামে এক নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাংকের মধ্যে প্রবেশ করে। নিচে নামার সঙ্গে সঙ্গে অতিরিক্ত গ্যাসের কারণে তিনি অজ্ঞান হয়ে যান। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্মীয়মান ভবনের সাব কন্ট্রাক্টর মহিবুল্লাহ শেখ জানান, নিহত মাসুম শেখ তাঁর ছোট ভাই।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আবু জাহের বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে কিছু নিয়ম মেনে চলতে হয়। দুর্ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষ।