সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন আর নেই

সাবেক শিক্ষা উপমন্ত্রী, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনের মৃত্যু হয়েছে। রোববার ফজরের নামাজের কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়।

গোলাম সারোয়ার মিলন ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮৬-৯০ মেয়াদে মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। গোলাম সারোয়ার মিলন মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা।

মৃত্যুকালে গোলাম ছারোয়ার মিলনের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

আজ সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় তার দ্বিতীয় জানাযা শেষে দাফন করা হবে।