তরুণকে কোপানোর জেরে বান্ধবীর স্বজনদের বাড়িঘরে আগুন!

নরসিংদীতে এক তরুণকে কুপিয়ে আহতের জেরে তার বান্ধবীর স্বজনদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে মাধবদী থানার খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা হয়।

আহত সাজ্জাদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই সাজ্জাদের সঙ্গে একই এলাকার ফারজানা আক্তারের হৃদ্যতার সম্পর্ক ছিল। এই সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। রোববার সাজ্জাদকে কুপিয়ে জখম করে ওই তরুণীর ভাই, চাচাসহ কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণের পরিবারের লোকজন ফারজানার বাড়িসহ তার চাচা ও ফুফুর চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

খবর পেলেও স্থানীয়দের বাধায় আগুন নিয়ন্ত্রণের কাজে যেতে পারেনি ফায়ার সার্ভিস। এতে আগুনে পুড়ে যায় চারটি বাড়ির আসবাপত্রসহ সব সরঞ্জাম।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বিষয়টি তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে কাজ চলছে।’