সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের বিরুদ্ধে সমন জারি

বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরসহ ৬ জনের নামে সমন জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত ১০ মে তারিখে ইস্যুকৃত এই সমনে তাঁদের আগামী ১৭ জুন স্বয়ং অথবা উকিলের মাধ্যমে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আহমেদ জোবায়েরের পাশাপাশি আরও যে পাঁচজনের নামে সমন জারি করা হয়েছে, তাঁরা হলেন – আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।

সমন অনুযায়ী, আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় বিশ্বাসভঙ্গের একটি মামলা দায়ের হয়েছে। এই মামলার প্রেক্ষিতেই অভিযোগের উত্তর দেওয়ার জন্য তাঁদের নামে সমন জারি করেছেন আদালত।