রিকশা চুরির অভিযোগে চালককে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ শহরে ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে আলামীন শেখ নামে এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে শহরের মধ্য মিয়াপাড়া এলাকার একটি বাসা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকেই অভিযুক্ত কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক আছেন। নিহত আলামীন দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, কামরুলের গ্যারেজের রিকশা ভাড়ায় চালাতেন আলামীন। দুই দিন আগে একটি রিকশা চুরি হলে আলামীনকে সন্দেহ করে কামরুল। 

বুধবার তাকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। খবর পেয়ে আলামীনের মা গ্রাম থেকে ছুটে আসেন এবং ঘরের বাথরুমে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।