নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত একজনকে গণপিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার রাতেই এলাকাবাসী হিরো নামে এক অভিযুক্ত ধর্ষককে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে ফতুল্লা থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে সোহেল নামের আরেক অভিযুক্তকে আটক করে। এদিকে ভুক্তভোগী ওই শিশুটির মা রাতেই ফতুল্লা থানায় একটি অভিযোগ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। 

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারী ছেলে সোহেল। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে শিশুটির অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয়। পরে হিরোর পরিবার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।