সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে প্রথম ধাপে ছুটি শুরু হতেই মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে, এখন পর্যন্ত বড় কোনো যানজটের খবর পাওয়া না গেলেও, বাইপাইল, শ্রীপুরসহ জিরানী পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে এসব পয়েন্ট দিয়ে ধীরগতি ও থেমে থেমে চলছে যানবাহন।
সোমবার দুপুরের পর থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা ঈদের ছুটি ঘোষণা করা হলে হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ বাড়ির উদ্দেশে রওনা হলে সড়কের এমন পরিস্থিতি তৈরি হয়।
পুলিশ জানায়, দুপুরের পর অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, শ্রীপুর ও জিরানী পয়েন্টে বাড়তে শুরু করে ঘুরমুখো মানুষ ও যানবাহনের চাপ। ফলে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে এসব পয়েন্টে যানবাহনের লম্বা সারি সৃষ্টি হয়। বর্তমানে এসব পয়েন্ট দিয়ে উত্তরবঙ্গের যানবাহনগুলো থেমে থেমে এবং ধীর গতিতে চলাচল করছে।
এদিকে, যানজট নিরসনে এবং স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সড়কে অতিরিক্ত পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।