পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল এখন চূড়ান্ত পর্যায়ে। ঈদযাত্রার শেষ দিনেও পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ ছিল উল্লেখযোগ্য। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ব্যবস্থাপনায় কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। আগামীকাল ঈদ হওয়ায় বুধবারও দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঘরে ফিরছেন।

গত দুই দিনে অর্থাৎ শেষ ৪৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৮৯ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে মোট টোল আদায় হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৫০৮টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।

সব মিলিয়ে মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে। এদিন মোট টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।

এর আগের দিন মঙ্গলবার ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

সব মিলিয়ে ওইদিন পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

কর্তৃপক্ষের সমন্বিত ব্যবস্থাপনায় কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএদিকে আজ বুধবার সকাল থেকেই পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে টোল প্লাজায় অতিরিক্ত লেন চালু রাখা, মোটরসাইকেলের জন্য পৃথক লেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে সামনে রেখে টোল প্লাজার সক্ষমতা বাড়ানো, অতিরিক্ত জনবল নিয়োগ এবং যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

ঘরমুখো যাত্রীরা জানান, বিগত বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক। বিশেষ করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজট না থাকায় তারা দ্রুত সময়েই গন্তব্যে পৌঁছাতে পারছেন।