মুন্সিগঞ্জে নদীতে মিলল তরুণীর মরদেহ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামসংলগ্ন নদী থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছেন নৌ পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে যায়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।