টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।