রাজধানীর ডেমরার বাসেরপুল এলাকায় জহির স্টিল মিলের ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পরবর্তীতে আহতদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন: সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান জানান, আজ রোববার সকালের দিকে ডেমরা এলাকার একটি স্টিল মিল থেকে দগ্ধ অবস্থায় তিনজন শ্রমিককে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাব্বির হোসেনের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ, তোফাজ্জল হোসেনের শরীরে ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে সাব্বির এবং তোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করেছি। অপরদিকে দগ্ধের পরিমাণ কম থাকায় জরুরি বিভাগে মাজেদ হোসেনের চিকিৎসা চলছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলামিন জানান, আমরা ডেমরা এলাকার একটি স্টিল মিলের কর্মচারী। আজ সকালে বিভিন্ন ভাঙ্গারি লোহা গলানোর জন্য ভাট্টিতে মাল দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হলে দ্রুত তাদেরকে জাতীয় বান ইনিস্টিটিউটে নিয়ে আসি।