নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনায় ঘটে।

দগ্ধরা হলেন- হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। এদের মধ্যে একই পরিবারের মা-বাবা, ও ভাই-বোন রয়েছে। দগ্ধরা গার্মেন্টস ও কাঁচা মাল ব্যবসায়ী বলে জানা গেছে।

জানা যায়, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দেওয়ার সময় সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণ হয়। এ সময় ঘরে থাকা সবাই দগ্ধ হন। তাদের চিৎকারে আশেপাশে লোকজন এসে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে আসলে তাদের চিকিৎসা দেওয়া হয়। দগ্ধদের মধ্যে হযরত আলীর শরীরের ৮ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ, সায়েম ৭৭ শতাংশ ও মিমের শরীরের ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক।