অ্যাটর্নি জেনারেল অফিসের জানালার অংশ চুরি, ধাওয়া করেও ধরা যায়নি চোর 

অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের জানালার থাই গ্লাসের অংশ চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে এই চুরির সময় ধাওয়া করেও চোরকে ধরা যায়নি। আজ শুক্রবার অ্যাটর্নি  জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সামনে জানালার থাই গ্লাসের দুটি পার্টস খুলে ফেলে। বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে একটা পার্ট নিয়ে যায়, একটা নিতে পারেনি।

এতে বলা হয়, এমন সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদেরকে ধরতে ধাওয়া করে, কিন্তু  তারা পালিয়ে যায়। বর্ণিত বিষয়টি আজ সকাল ৮টার দিকে দারোয়ান জানায়।

বার্তায় বলা হয়, আজ সকালে প্রশাসনিক কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে জানালে তিনি মন্তব্য করেন, এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এই অফিস থেকে ইতোপূর্বে চাকরিচ্যুত ও দুর্নীতির দায়ে অভিযুক্ত কতিপয় দুর্নীতিপরায়ন ব্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এক্ষেত্রে তাদেরও ইন্ধন থাকতে পারে।

বার্তায় আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করতে প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন এবং জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্টু তদন্ত সুনিশ্চিত করতে পুলিশের ডিসির সঙ্গে কথা বলেন।