শরীয়তপুরে কৃষিজমি বিনষ্টের অভিযোগে ইউপি সদস্যসহ দুজনের সাজা

শরীয়তপুরের ডামুড্যায় এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্ট এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকজনকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ড়তকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, কনেশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম ও তাঁর সহযোগী উত্তর সৈয়দবস্তা এলাকার বাসিন্দা শফিক মাদবর। 

ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে ডামুড্যার উত্তর সৈয়দবস্তা এলাকায় এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্টকরণ এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় স্থানীয় শফিক মাদবরের বিরুদ্ধে উর্বর কৃষিজমি বিনষ্টকরণ এবং ইউপি সদস্য ইব্রাহিম মেম্বারের বিরুদ্ধে এস্কেভেটর সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তারা সত্যতা স্বীকার করায় শফিক মাদবরকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ইউপি সদস্য ইব্রাহিম মেম্বারকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া  হয়।

অন্যদিকে আরেক অভিযুক্ত সোহেল বেপারীকে ঘটনাস্থলে না পাওয়া যাওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। 

এ সময় ডামুড্যা থানা-পুলিশের একটি দল ও গ্রাম পুলিশ উপস্থিত ছিল।