আগামী রোব ও সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ার ও বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত সচেতন গ্রাহক ফোরাম। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি দেওয়া হয়।
২০১৭ সালের আগের শেয়ারহোল্ডারদের মালিকানা ফিরিয়ে দেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় সংগঠনটি। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর উন নবী বিষয়টি নিশ্চিত করেন।
ফোরামের সদস্যদের অভিযোগ, ২০১৭ সালের পর ব্যাংকটির মালিকানা ও পরিচালনায় পরিবর্তনের মাধ্যমে প্রকৃত উদ্যোক্তা ও মালিকদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। একই সময়ে বিতর্কিত ঋণ অনুমোদন, অর্থ পাচার ও সুশাসনের ঘাটতির কারণে সংকট আরও বাড়ে।
তাই অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন এবং প্রকৃত মালিকদের শেয়ার ও মালিকানা পুনর্বহালের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।