মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নারী নিহত

মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে শুকরন বেগম (৭৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মাদবরেরচর এলাকার তেলের পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা হয়। 

নিহত শুকরন বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের মোকশেদ হাওলাদারের স্ত্রী। তিনি শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিক পদ্মা ও শিবচর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি  মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন মানসিক প্রতিবন্ধী শুকুরন বেগম নিহত হন। স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবে।’