টাঙ্গাইলের ভূঞাপুরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোফাজ্জল ওরফে মুফিজুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আসামি মফিজুল হাছেন মন্ডলের ছেলে। এর আগে মঙ্গলবার ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় লিখিত মামলা দায়ের করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন মফিজুল মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এরপর বিষয়টি নিয়ে এলাকার জনপ্রতিনিধি ও মাতব্বরা মীমাংসার জন্য ভয়-ভীতি দেখিয়ে দরিদ্র পরিবারটিকে চাপ দেয় এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে গত মঙ্গলবার ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি মফিজুলকে গ্রেপ্তার করে ভূঞাপুর থানা পুলিশ।
ভুক্তভোগী মেয়েটির বাবা জানান, তার অবুঝ মেয়ের সর্বনাশের চেষ্টা করে প্রতিবেশী মফিজুল। তার কঠোর শান্তি চান তিনি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মফিজুল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।