রাজধানীতে বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামের লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মারিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নয়নাবাদ পোস্টের হাতকান্দা নয়াপাড়া গ্রামের মো. মহসিনের মেয়ে। খিলগাঁও থানাধীন দক্ষিণ গোরান এলাকার আলিয়া মাদ্রাসা স্কুলের পাশেই একটি বাসার নিচতলাতে থাকতেন তিনি।

সানজিদা আক্তার মারিয়ার ভাই মো. চান মিয়া বলেন, ‘আমার বোন দক্ষিণ গোরান আলিয়া মাদ্রাসা স্কুলের পাশে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করত। প্রায় আট মাস হল তার বিয়ে হয়েছে। আমার মা আজ সন্ধ্যা থেকে আমার বোনকে কল দেয়। অনেকবার কল দেওয়ার পরেও আমার বোনের সাথে কোন যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে আমার বোনের স্বামী সাইফুলকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে সাইফুল বলে বাসায় গিয়ে আপনার মেয়েকে দেখে আসতে। পরবর্তীতে আমরা সাইফুলের বাসায় গিয়ে দেখি বাসার কিচেন সংলগ্ন বারান্দার ফ্লোরে মারিয়া অচেতন অবস্থায় পড়ে আছে। মারিয়ার গলায় একটি দাগও দেখতে পাই আমরা। এরপরে আমরা ৯৯৯ এ কল দিয়ে খিলগাঁও থানা পুলিশের সহযোগিতায় রাত সাড়ে ৮টার দিকে মারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে এখানকার কর্তব্যরত চিকিৎসক ১১টা ৩৫ মিনিটে দিকে তাকে মৃত বলে ঘোষণা করে।’

খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মারিয়ার স্বামী সাইফুলকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে