গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত এবং তার স্বামী পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়কের আলী হাসান তুল্কী মাদরাসার সামনে এ দুর্ঘটনা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী চায়না পারভীন সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত চায়না পারভীন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর আদালতে কর্মরত পুলিশ সদস্য চান মিয়ার স্ত্রী।
জানা যায়, তারা বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক চান মিয়া আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।