গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় স্বামী-স্ত্রীর নিহত হয়েছেন। শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫) ও তার স্ত্রী বিথী আক্তার (৩০) । রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিলেন। রাকিব–বিথী দম্পতির ৯ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘আজ দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এসময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’