রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাকিবের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামে। তার বাবার নাম মফিজুল ইসলাম। কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন তিনি। রাকিব চাকরির ইন্টারভিউ দিতে বাসা থেকে বের হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবকে হাসপাতালে নেওয়া পথচারী আবু রায়হান জানান, সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের রেলগেট পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন তিনি।
তিনি বলেন, পরে বিষয়টি দেখতে পেয়ে আমি তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই যুবক আর বেঁচে নেই।
পথচারী আবু রায়হান আরও বলেন, এরই মধ্যে ওই যুবকের মোবাইলে কল আসলে তার বাবার সঙ্গে আমার কথা হয়। ওই ফোনের মাধ্যমে ও যুবকের নাম তাদের দেশের বাড়ি ঠিকানা আমি জানতে পারি। পরে তার বাবাকে দ্রুত ঢাকা মেডিকেলে আসতে বলি। আমি যতটুকু জেনেছি ওই যুবকটি একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল; এতটুকুই তার বাবার কাছ থেকে জানতে পেরেছি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।