রাজধানীর শনির আখড়ার কদমতলী এলাকায় বিদ্যুতায়িত হয়ে মো. রেজাউল করিম (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে বৃষ্টির পানিতে জমে থাকা বিদ্যুতের মিটার চেক করার সময় এই ঘটনা ঘটে।
পরে দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রেজাউল করিম কদমতলী শনির আখড়া এলাকার মৃত. কাজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। পরিবার নিয়ে ওই এলাকায় নিজ বাড়িতেই বসবাস করতেন তিনি।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা নিকটআত্মীয় মো. বাকি জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বাড়ির নিচে জমে থাকা পানি দেখতে গিয়েছিলেন রেজাউল করিম। এ সময় তিনি নিজ বাড়ির নিচে জমে থাকা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে বিদ্যুতের মিটারে পানি পড়েছে কিনা পরীক্ষা করার সময় বিদ্যুৎতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।