রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুন বাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নওরিন নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু নওরিনের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাজারের চর এলাকায়। তার বাবার নাম মো. নাজিম উদ্দিন। বর্তমানে পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় বসবাস করত।
নিহত শিশুর পিতা নাজিম উদ্দিন বলেন, আজ বিকেল ৫টার দিকে আমার মেয়েকে হাত ধরে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকার রাস্তা পার হচ্ছিলাম।এ সময় একটি দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হয় নওরিন। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার শেষে আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।