ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ঢাকা শ্যামবাজারের একটি ডুবরি দল।
নিহত মারুফ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরবৈতা গ্রামের সৌদি প্রবাসী শেখ জালাল উদ্দিনের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মারুফ চলতি বছর দোহারের চরলটাখোলা টাচস্টোন স্কুল থেকে ব্যবসায় শিক্ষা (বিজনেস স্টাডিজ) বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মাহমুদপুর ইউনিয়নের পদ্মা নদীর শাখা খালে গোসল করতে নেমে শুক্রবার বিকেলে থেকে নিখোঁজ ছিল সে। ঘটনার ১৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ডুবরি দল।
বিষয়টি নিশ্চিত করে দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, ‘গতকাল রাত হওয়ার কারণে আমাদের ডুবরি দল উদ্ধার তৎপরতা চালাতে পারেনি। তবে সকালে উদ্ধার কার্যক্রম শুরু করা হলে নিখোজ মারুফের মরদেহ খালের তলদেশ থেকে উদ্ধার করা হয়।’
এ বিষয়ে দোহার কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ শায়হান ওলিউল্লাহ (পিপিএম) জানান, উদ্ধার মরদেহের ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।