রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।
রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রহমান বলেন, ‘‘আজ বেলা পৌনে ৩টার দিকে আমি এয়ারপোর্ট এলাকার উদ্দেশ্যে তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে ওই ব্যক্তি আমাকে ডেকে বলেন, ‘ভাই আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি। আমাকে হাসপাতালে নিয়ে নিয়ে যান।’ পরে আমি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহত ব্যক্তির নাম–পরিচয় কিছুই জানতে পারেননি বলে জানিয়েছেন উদ্ধারকারী আব্দুর রহমান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ পরিদর্শক মো. ফারুক আরও জানান, নিহত ব্যক্তির নাভি বরাবর ধারালো ছুরির একটি আঘাত রয়েছে। আমরা অজ্ঞাত ওই ব্যক্তির নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।