রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। অপরজন সাকিবকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ সাকিব মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মিরপুর-১২ এলাকার বাসিন্দা ও শহিদুল ইসলামের ছেলে। অপর তিনজন তাহসিন, সজীব ও রিফাতও একই এলাকার বাসিন্দা।
রোববার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আতশবাজি বিস্ফোরণে দগ্ধ চার যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনের আঘাত তুলনামূলক কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুই পা দগ্ধ হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে মিরপুরের সিটি ক্লাব এলাকায় তারা আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় হঠাৎ আতশবাজি বিস্ফোরিত হয়ে আগুন লেগে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তাহসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং সাকিবকে ভর্তি করা হয়।