রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত মৃধার (১৮) বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামে। তার বাবার নাম হাসেম মৃধা। রায়েরবাগ খানবাড়ির মোড়ে পরিবারের সাথে বসবাস করতেন তিনি।
পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা হাসেম মৃধা বলেন, আমার ছেলে একটি ফ্যাক্টরিতে কাজ করতো। সন্ধ্যায় রিফাত বাসার সামনের রাস্তায় বসে ছিল। ওই সময় প্রতিবেশী শাকিল নামে এক যুবক এসে তাকে বলে, এখানে বসে কী করছিস? গাঁজা খাবি নাকি? উত্তরে রিফাত বলে, আমি গাঁজা খাই না, গাঁজা খাস তোরা। এই জবাবের পরপরই শাকিল তাকে গালিগালাজ ও মারধর শুরু করে।
তিনি বলেন, বিষয়টি মীমাংসা করে দেওয়ার পর কিছুক্ষণ পর শাকিল আবার এসে রিফাতকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে রিফাত ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেললে শাকিল পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শাকিল ও তার মা পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পর বাড়িটিতে তালা দিয়ে শাকিল ও তার পরিবার পালিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।