এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠান জরিমানা

এসিআই গোদরেজ ও আফতাব ফিডকে জরিমানা করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ল্যাবরেটরিতে পরীক্ষা এবং মান সনদ গ্রহণ না করে পোল্ট্রি ফিড, ফিশ ফিড উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে এ জরিমানা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। একই অপরাধে লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়া রাজধানীর বসিলা এবং হাজারীবাগ এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্টে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থাৎ আজ ৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।  
  
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই পরিচালিত অভিযানে দেখা যায়, নারায়ণগঞ্জের রুপগঞ্জে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড পোল্ট্রি ফিড ও ফিশ ফিডের অনুকূলে বিএসটিআইয়ের গুণগত মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিল। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২ দুই লাখ টাকা; মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। 

একই অপরাধে নারায়ণগঞ্জের রুপগঞ্জে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা; মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেড পণ্যের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা; মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

রাজধানীর বসিলা এলাকায় আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ ও স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ প্রতিষ্ঠান দুটি বিভিন্ন কোম্পানির নামের সঙ্গে সাদৃশ্য রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার (Lyzol, Hirpic এবং Vin) পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও রাজধানীর হাজারীবাগ এলাকায় বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে মিষ্টি, বিস্কুট, লাচ্ছা সেমাই বিক্রির অপরাধে ‘মিঠাই’ নামক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মান সনদ গ্রহণ ব্যতীরেকে মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাত করার অপরাধে অপূর্ব আনন্দ জল খাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উল্লেখ্য, নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, রাজধানীর বসিলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এবং রাজধানীর হাজারীবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন, বোরহান উদ্দিন, সুমাইয়া আফরোজ লিজাসহ বিএসটিআইয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।