রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের ৬টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে খানখানাপুর রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজবাড়ীগামী তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট পার হচ্ছিল। ট্রেনটি রেলগেট পার হওয়ার আগেই পেছনের কয়েকটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট অতিক্রম করায় গেটম্যান লাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। এসময় একটি বাস ও মাহিন্দ্রা রেললাইন পার হওয়ার চেষ্টা করলে বিচ্ছিন্ন হওয়া বগিগুলোর সাথে সংঘর্ষ হয়।
এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। আহত ৭ জনকে হাসপাতালে নেওয়া হলে দুজনের মৃত্যু হয়।