বিদ্যুতের তারে পড়া ইয়ারফোন তুলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

রাজধানী যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকায় একটি বাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে মো. সিয়াম (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে কলেজের শিক্ষার্থী সিয়ামকে মৃত ঘোষণা করেন। সিয়ামের বাড়ি যাত্রাবাড়ীর কোনাপাড়া মোর আলামিন রোড এলাকায়। তার বাবার নাম সোনা মিয়া।
 
সিয়ামের বাবা সোনা মিয়া জানান, সিয়াম বোরহাহউদ্দিন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বিকেলের দিকে দুই বন্ধু পাশের বাসার ছাদে ইয়ারফোনে গান শুনছিল। হঠাৎ কান থেকে ইয়ারফোন খুলে বাসার সামনে দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারের ওপরে পড়ে যায়। পরে ওই ইয়ারফোন রড দিয়ে আনার সময় দুজনেই বিদ্যুতায়িত হয়। বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে সিয়ামকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আর সিয়ামের বন্ধু গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্নে ভর্তি রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।