রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৫

রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।

সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় রামকান্তপুর কৈডাঙ্গা এলাকার আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বাড়ি থেকে একটি ব্রিটিশ কাটঅ্যাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মুক্তাদা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূলত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে দুটি বাড়ি থেকে দেশি-বিদেশি পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— আলম সরদার, ইব্রাহিম শেখ, মোহাম্মদ বাহাদুর বিশ্বাস, ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ এবং রাজু আহমেদ টোকন। তাদের সবার বাড়ি রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায়।

র‍্যাব জানায়, ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি ডাকাতি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।