হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে ১০ মাসের জান্নাত নিহত 

ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে আরিশা জান্নাত নামের ১০ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন যাত্রী। 

নিহত শিশু আরিশা পার্শ্ববর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।  

এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনী দেয় এবং হাতিটিকে আটক করে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।

পুলিশ, স্থানীয় ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত ইজিবাইকে করে মা তার শিশুটিকে ডাক্তার দেখানোর জন্য সদরপুর হাসপাতালে যাচ্ছিল। পথে আটরশি নামক স্থানে আসলে বিপরীত দিকে একটি হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিলেন মাহুত। হাতির সামনে আসামাত্রই হাতি টাকার জন্য শুর উঁচু করলে ইজিবাইকের সঙ্গে হাতির ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি রাস্তায় উল্টে যায়। এ সময় মায়ের কোলে থাকা ছোট শিশুটি ছিটকে গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, এ ঘটনায় হাতির মাহুতকে আটক করা হয়েছে। নিহতের পরিবার এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি। হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।