ফরিদপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ফরিদপুরের সালথা উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তির নাম আক্কাচ মাতুব্বর। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং গৌড়দিয়া গ্রামের বাসিন্দা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের খাটের ওপর খালি গায়ে বসে তিনি সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে ইয়াবা সেবন করছেন। এ সময় তার সামনে বসে থাকা আরেক ব্যক্তির শুধু পা দেখা যায়, তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তবে ইয়াবা সেবনের ভিডিওটির বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে আক্কাচ মাতুব্বরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভিডিওটি প্রায় দেড় বছর আগের এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর পাশের জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে জোরপূর্বক ইয়াবা সেবন করান এবং সেই ঘটনার ভিডিও ধারণ করেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, সে বিষয়ে তিনি কোনো নাম প্রকাশ করেননি।

এ দিকে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট ইউপি সদস্যকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।