রাজধানী যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সোলায়মান দেওয়ান (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় স্টিলের আলমারির মিস্ত্রী দিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোলায়মানের বাড়ি মুন্সিগঞ্জ সদরের নয়াগাঁও পূর্ব পাড়া মিরসরাই গ্রামের আব্দুল মজিদ দেওয়ানের ছেলে।
নিহতের শ্যালক লিটন বলেন, ‘আমার ভগ্নিপতি এলাকার এক প্রতিবেশীকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে আমার ভগ্নিপতি গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভগ্নিপতি আর বেঁচে নেই।’
এদিকে এ ঘটনায় চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি হেফাজতে নিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।