রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় রাত্রি (২০) ও ফিরোজা বেগম (৩৫) নামের দুই নারীকে হত্যার করা হয়েছে। অভিযোগ উঠেছে, কথা-কাটাকাটির জেরে তাদের হত্যা করেন মেয়ের জামাতা শিপন। এ ঘটনায় অভিযুক্ততে আটক করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে কাঠালবাগান আলামিন মসজিদের পাশের একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মা ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মেয়ে রাত্রি ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকাল ৯টার দিকে স্ত্রী রাত্রির সাথে কথা-কাটাকাটি হয় জামাতা শিপনের। পরবর্তীতে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে এবং স্ত্রীকে আঘাত করেন শিপন। এতে ঘটনাস্থলে রাত্রি মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, জানতে পেরেছি রাত্রির সাথে শিপনের বিচ্ছেদ হয়েছিল। এরপরও তারা একসাথেই থাকতেন। অভিযুক্ত শিপন পুলিশের হেফাজতে রয়েছেন।