নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি প্রতিপক্ষের, আহত আরও ১০

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও গুলিবর্ষণের ঘটনা হয়েছে। এতে ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন। 

রোববার সন্ধ্যায় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার দিনগত রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এই হামলা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। শনিবার রাতে ফকির বাড়ি এলাকার একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরও কয়েকজন। এসময় পূর্ব বিরোধের জেরে আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন ছাত্রদল নেতা মাসুম। 

এসময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও ১০ জন।  আহতদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ওসি শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। হামলাকারীদের আটকে অভিযান চলছে।